সমস্যা উত্তরণের পথ খুঁজতে ৮ কর্মদিবস সময় দিলো বিটিআরসি

১৯ এপ্রিল, ২০২০ ২০:১১  
প্রান্তিক পর্যায়ে সুলভে উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করার পথে এনটিটিএন পর্যায়ে বিদ্যমান বাধা উত্তরণে আইএসপি সেবাদাতা ও মোবাইল অপারেটরদের আগামী ৮ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি। এসময় সরবরাহ পর্যায়ে ব্যন্ডউইথ মূল্য বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে নতুন প্রাইসিং মডেল তৈরি এবং কোর সমস্যা সামাধানেরও নির্দেশনা দেয়া হয়েছে। রোববার অনলাইনে মোবাইল, ইন্টারনেট ও আইআইজি সেবাদাতাদের নিয়ে বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়। রবি, গ্রামীণফোন, বাংলালিংক, অ্যামটব, আইএসপিবি ও আইআইজি প্রতিনিধিদের নিয়ে এই ভিডিও সভায় সভাপতিত্ব করেন  বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। সংস্থার সিস্টেম অ্যান্ড সার্ভিস মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের ডেপুটি ডাইরেক্টর সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে তিন মোবাইল অপারেটর ও অ্যামটব প্রতিনিধি ছাড়াও এই বৈঠকে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, আইআইজি অপারেটরদের সংগঠন আইআইজিএবি সভাপতি  সারোয়ার আলম এবং সাধারণ সম্পাদক আহমেদ জুবায়ের বৈঠকে অংশ নেন।